নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর
ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০ থেকে
১২ জনের একটি দল তার দোকানে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে
মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে নেয়।
এ ছাড়া দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার
এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের
একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত
মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন