নারায়ণগঞ্জের ফতুল্লার
কাশীপুরে একটি মহিলা মাদ্রাসার ছাদে বিকট শব্দ ও আগুনের ঘটনায় পাঁচ ছাত্রী দগ্ধ
হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদে থাকা একটি আখ ৩৩ হাজার
ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার পর স্পার্ক থেকে এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
সন্ধ্যায় হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে
দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধ ছাত্রীরা হলো—লামিয়া
(১২), আসিয়া (৮), সুমাইয়া (১৩), জিকরি (১২) ও আতিয়া (১২)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচজনকে
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা তাদের প্রাথমিকভাবে
স্যালাইন, অক্সিজেন ও ব্যথানাশক ইনজেকশন দেন। এরপর উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোরশেদ উল আলম খান জানান, দগ্ধদের
মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। একজনের দগ্ধের মাত্রা
তুলনামূলক কম। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও ফায়ার সার্ভিসের
প্রাথমিক তথ্যে জানা গেছে,
ঘটনার সময় কয়েকজন ছাত্রী মাদ্রাসার চারতলা ভবনের ছাদে অবস্থান
করছিল। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখ ছিল। ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুৎ
লাইনের খুব কাছাকাছি আখটি নেওয়ার পরই বিদ্যুতের সংস্পর্শে এসে স্পার্ক হয় বলে
ধারণা করা হচ্ছে।
ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড
সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
তিনি জানান, ছাদে কাঁচপাতাসহ আখের অংশ পাওয়া গেছে। সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে
যাওয়ার পরই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনার পর মাদ্রাসার শিক্ষক ও
স্থানীয়রা দ্রুত ছুটে এসে দগ্ধ ছাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো
হয়।
এদিকে দুর্ঘটনার প্রভাবে
ভবনের নিচতলায় থাকা গ্যাসের রাইজারেও বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের স্পার্কের সময় গ্যাস লিকেজ থাকায়
সেখানে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনায় নিচতলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মাহবুব আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন