নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ
গ্যাস ব্যবহার বন্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ। অভিযানে
বিভিন্ন এলাকায় প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ
লাইনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় একটি বেকারিকে ৪৫ হাজার
টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর)
জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এতে
নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
অভিযানকারীরা প্রথমে
লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় গিয়ে প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ
বিচ্ছিন্ন করেন। পরে সংযোগে ব্যবহৃত প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ এবং একটি ভাল্ব সরিয়ে
নেওয়া হয়।
এরপর চিরাইপাড়া জাঙ্গাল
এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহার
করে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার চালানোর অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪৫
হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা
হয়েছে।
অন্যদিকে কেওডালা
বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা আরও প্রায় ৫০০ অবৈধ
আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিন ইঞ্চি ব্যাসের প্রায় ৭০ ফুট এমএস পাইপ
অপসারণ করা হয়।
অভিযানে অবৈধ গ্যাস
নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশও বিচ্ছিন্ন করা হয়। কর্মকর্তারা জানান, মাটির
প্রায় ১৫ ফুট নিচে মূল চার ইঞ্চি গ্যাস লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করে একটি অবৈধ
বিতরণ লাইন চালানো হচ্ছিল। সেটির উৎসস্থল বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন স্থান
থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে ফেলা হয়।
সংশ্লিষ্টদের মতে, অবৈধ সংযোগের কারণে গ্যাস বিতরণ
ব্যবস্থায় সিস্টেম লস বাড়ছে। এ ধরনের সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করার পাশাপাশি
অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন