ফতুল্লায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনার পর থানার ভেতরে দাঁড়িয়ে আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট পর্যন্ত খুলে নেওয়া হবে এমন হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। এ ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার ওসির কক্ষের সামনে
নেতা-কর্মীদের উদ্দেশে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ
এনসিপির আহ্বায়ক। যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। আমার একজন
নেতাকর্মীর রক্ত আরেকবার পড়লে থানার ইটকল পর্যন্ত খুলে নেব।
ভিডিওটি এনসিপির কয়েকজন নেতা-কর্মী নিজেদের ফেসবুক আইডি থেকে প্রকাশ
করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম
বলেন, বক্তব্য দেওয়ার সময় তিনি কক্ষের ভেতরে ছিলেন এবং বিষয়টি সরাসরি শোনেননি।
তিনি বলেন, কেউ যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, সেটি ভালো চর্চা নয়।
দায়িত্বশীল পদে থেকে থানার ভেতরে এমন বক্তব্য দেওয়া উচিত নয়। এ ধরনের বক্তব্যের কারণে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে সোমবার রাত প্রায় ৮টার দিকে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায়
হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম।
এনসিপির অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ
করায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির
নেতা-কর্মীরা এ হামলা চালায়।
হামলার প্রতিবাদে রাতে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফতুল্লা
মডেল থানায় অবস্থান নেন। তারা থানার সামনে বিক্ষোভ ও মিছিল করেন এবং বিএনপির বিরুদ্ধে
স্লোগান দেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন থানায়
উপস্থিত হন।
ঘটনার পর রাতেই জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক
মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে
ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ওসি মাহবুব আলম জানান, মামলাটি রুজু হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন