শারদীয় দুর্গোৎসবকে ঘিরে
নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো.
রায়হান কবির। একই সঙ্গে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে
কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর)
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আয়োজিত
মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক জানান, এবার
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ২৪০টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা
হয়েছে। প্রতিটি মণ্ডপকে সিসিটিভি নজরদারির আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
নিরাপত্তার ক্ষেত্রে ভোরের
সময়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে রায়হান কবির বলেন, সারারাত
দর্শনার্থী ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতির পর ভোরের দিকে ক্লান্তি তৈরি হয়। এ সুযোগে
কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তাই ভোরের সময় আলাদা স্বেচ্ছাসেবক
দলকে দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যদেরও বিশেষ নজরদারিতে রাখার প্রয়োজন
রয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোর
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন ও পুলিশের পৃথক টিম কাজ করবে।
উপজেলা পর্যায়ে ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। ফলে
যেকোনো সমস্যা দ্রুত সংশ্লিষ্টদের জানানো যাবে।
গুজব ও বিভ্রান্তিকর তথ্যের
বিষয়ে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক
বলেন, ছোট কোনো ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না
দিয়ে আগে নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে। এতে পুলিশ ও প্রশাসনকে
পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, কোনো
মন্দিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি আগে যাচাই করা জরুরি। যাচাই-বাছাই ছাড়া
ফেসবুকে ছড়িয়ে দিলে একটি বিচ্ছিন্ন ঘটনাও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই পূজা
কমিটির নেতাদের দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু
প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের
সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন
করতে হবে। বিভিন্ন পক্ষ অস্থিতিশীলতা তৈরির সুযোগ খুঁজতে পারে উল্লেখ করে তিনি
পূজাকে কেন্দ্র করে ভুল তথ্য, অপতথ্য ও গুজব থেকে সতর্ক
থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের
নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে
সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন