নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার নবগঠিত কমিটি সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা নিয়ে প্রথম সাধারণ সভা করেছে। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়।
গত ৩ অক্টোবর উপজেলার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করার ওপরও গুরুত্ব দেন নেতাকর্মীরা।
উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল হাজী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদস্য সচিব মো. রনি খন্দকারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক আবির হাসান রাসেল।
সভায় বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সমন্বয়ের মধ্য দিয়েই সংগঠনকে এগিয়ে নিতে হবে। জনগণের প্রত্যাশা এবং এলাকার বাস্তব সমস্যাকে সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রে রাখার ওপর জোর দেন তারা।
সভায় নতুন নেতৃত্ব গড়ে তোলা, নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় করা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
পাশাপাশি উপজেলা এনসিপির পরবর্তী কর্মসূচি নির্ধারণ, সাংগঠনিক কাঠামো আরও কার্যকর করা এবং নিয়মিত সভা ও মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন