ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা
অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে র্যালি, বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক
কার্যক্রম পরিচালনা করা হয়। র্যালিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডেঙ্গু
প্রতিরোধে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের
ওপর গুরুত্বারোপ করেন। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য
তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল আলম সেন্টুসহ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায়
রাখার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন,
ফুলের টব ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার
রাখার ওপর গুরুত্ব দেন তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা
ও ইউনিয়নে সচেতনতামূলক প্রচার, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন