একসময় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গান দিয়ে আলোচনায় আসার পাশাপাশি গত কয়েক বছরে ব্যক্তিজীবনের নানা ঘটনা ও বিতর্কেও বারবার সংবাদমাধ্যমের আলোচনায় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের পোস্টে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র—স্ত্রী ও সন্তানকে নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন এই গায়ক।
গত বছর ব্যক্তিজীবন নিয়ে আলোচনার পর ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ
কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা একটি ধর্ষণ মামলার বাদীকে বিয়ে
করেন নোবেল। বর্তমানে সেই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি। তাদের পরিবারে এসেছে এক
পুত্রসন্তান।
কিছুদিন আগে একটি মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনেন নোবেল। এরপর সামাজিক
যোগাযোগমাধ্যমেও স্ত্রী ও সন্তানকে নিয়ে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি।
সম্প্রতি প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে
কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানান তিনি।
আরেকটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের
‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে।
এ ছাড়া স্ত্রী ও সন্তানের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে
‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ এবং ‘মাই ফ্যামিলি’সহ বিভিন্ন ক্যাপশনও দিয়েছেন নোবেল।
গায়কের এমন পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের মধ্যেও আগ্রহ
তৈরি করেছে। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এবং পরিবার নিয়ে
সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।
ভক্তদের কেউ নোবেলকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি অতীতের বিতর্ক পেছনে
ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ তার স্ত্রী-সন্তানের জন্য শুভকামনা
জানিয়েছেন।
নোবেলের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে পরিবারের
প্রতি তার মনোযোগই বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে ভক্তদের একটি অংশ চাইছেন, ব্যক্তিজীবনের
ব্যস্ততার পাশাপাশি তিনি আবারও নিয়মিত সংগীতচর্চা ও নতুন গানে মনোযোগী হোন।
গান দিয়ে যে নোবেল একসময় শ্রোতাদের মধ্যে আলাদা জায়গা তৈরি করেছিলেন,
সেই সংগীতের জগতে তাকে আবারও সক্রিয়ভাবে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন