নারায়ণগঞ্জের আড়াইহাজারে
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আনা ৮০ কাউন্টের বিপুল পরিমাণ সুতা উদ্ধার করেছে
কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা
গ্রামের হাজী আব্দুস সালাম মার্কেটের একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৪০০
বস্তা (কার্টন) সুতা জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার
হওয়া সুতার আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ কোটি টাকা। বন্ড সুবিধার আওতায় আমদানি
করা এসব সুতা কীভাবে ওই গোডাউনে মজুত করা হয়েছিল, তা
খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, নরসিংদীর
মাধবদী এলাকায় একটি গাড়ি থেকে বন্ড সুবিধায় আমদানি করা কিছু সুতা আটকের পর এ ঘটনার
সূত্র ধরে তদন্ত শুরু হয়। একপর্যায়ে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় গোপন গোডাউনটির
অবস্থান শনাক্ত করা হয়।
পরে কাস্টমস কর্মকর্তারা
সেখানে অভিযান চালিয়ে গোডাউন থেকে বিপুল পরিমাণ সুতা উদ্ধার ও জব্দ করেন। অভিযানে
পুলিশ সদস্যরাও কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতা করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার
সূত্রপাত হয়েছে মাধবদীতে। পরবর্তীতে এর গোডাউন আড়াইহাজারে পাওয়া যায়। অভিযানটি
কাস্টমস কর্তৃপক্ষ পরিচালনা করেছে। পুলিশ শুধু তাদের সহযোগিতা করেছে।’
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন