নারায়ণগঞ্জের বন্দরে
মাদকবিরোধী ও নিয়মিত আইনশৃঙ্খলা অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ
ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। অভিযানে ২০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা
উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী,
পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) বন্দর
থানা পুলিশের বিশেষ অভিযান এবং এর আগে শনিবার এসআরবি-১১-এর পৃথক অভিযানে এসব
গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, বন্দর
থানার অভিযানে সালেহনগর এলাকায় নজরুলের রিকশার গ্যারেজের বিপরীত পাশের সড়ক থেকে
বাপ্পী (২১) নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে বন্দর
রেললাইন ভাঙা পুল এলাকা থেকে সড়ক পরিবহন আইনের মামলার আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার
করা হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল
থানার দেওভোগ পানির ট্যাংকি-মিয়াপাড়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের
মামলায় তাসমির ওরফে তাসনিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় স্বপন
(৪৯) নামে আরও একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে
গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শনিবার
বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের গোকুলদাসেরবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশে একটি
ভাড়া নেওয়া গোডাউনে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। সেখান থেকে ১০ কেজি
গাঁজাসহ কামরুল হাসান (২৯) ও মো. মিজানুর রহমান (২৭)কে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন