ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরানোর পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ আসর এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর এলাকায় ফারিয়া গার্মেন্টসের পাশে নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকা স্থানগুলো থেকে পানি অপসারণ এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়।
মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাড়ির আঙিনা, আশপাশের জায়গা ও ছাদে যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। একই সঙ্গে ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো দ্রুত ধ্বংস করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন