কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁরা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩
অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। আগুনে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফায়ার
সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায়
আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে
আনেন।
কক্সবাজার ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান,
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে
তদন্ত প্রয়োজন।
হোটেলটির
ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা
রয়েছে। কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব
হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
এদিকে, কক্সবাজারের
পর্যটনকেন্দ্রগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে
উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি
রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই
সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন